যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার মূল আসামী ফয়সাল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-03-2026

যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার মূল আসামী ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বড় ধরনের অপরাধ ও হত্যাকাণ্ড ঘটিয়ে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন ঢাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার পর আইনি ব্যবস্থার হাত থেকে বাঁচতে তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার পর তারা পুনরায় বাংলাদেশে ফেরার সুযোগ খুঁজতে বনগাঁ এলাকায় জড়ো হয়েছিল। এ ঘটনায় ভারতে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যান্য কারণ ও সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com