মেসি হয়তো পেলের চেয়েও শ্রেষ্ঠ: ট্র্যাম্প


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-03-2026

মেসি হয়তো পেলের চেয়েও শ্রেষ্ঠ: ট্র্যাম্প

মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো ঐতিহাসিক শিরোপা জয়ের গৌরব উদ্‌যাপন করতে ইন্টার মায়ামি দল গতকাল হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন এই ক্লাবটি গত ডিসেম্বরে প্রথমবারের মতো এমএলএস কাপের ট্রফি জেতে। সেই স্মরণীয় সাফল্যকে স্বীকৃতি দিতেই লিওনেল মেসিসহ দলের অন্য তারকাদের ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়।

ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার ঠিক আগের দিন হোয়াইট হাউসের এই সংবর্ধনা অনুষ্ঠানে মেসিদের মেজাজ ছিল বেশ ফুরফুরে। ট্রাম্পের পাশে মঞ্চে যখন মেসি দাঁড়িয়ে ছিলেন, তখন প্রেসিডেন্ট সংবাদমাধ্যমের কাছে ফুটবল জাদুকরের ভূয়সী প্রশংসা করেন। মেসিকে নিয়ে নিজের ছেলে ব্যারন ট্রাম্পের উন্মাদনার এক মজার গল্প শুনিয়ে তিনি বলেন, ব্যারন মেসির কত বড় ভক্ত। মেসিকে একজন দারুণ মানুষ ও ভদ্রলোক হিসেবে উল্লেখ করার পাশাপাশি ট্রাম্প ক্রিস্টিয়ানো রোনালদোকেও একজন মহান চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেন।

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প তাঁকে ধন্যবাদ জানান ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার জন্য। তাঁর মতে, মেসি বিশ্বের যেকোনো ক্লাবে খেলার সামর্থ্য রাখলেও আমেরিকাকে বেছে নিয়ে এই ফুটবল যাত্রায় সবাইকে সঙ্গী করেছেন। এক পর্যায়ে কিংবদন্তি পেলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যদিও তিনি পেলেকে খেলতে দেখেছেন, তবে তাঁর ধারণা মেসি হয়তো পেলের চেয়েও শ্রেষ্ঠ।

অনুষ্ঠানে মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে ও রদ্রিগো দি পলের মতো বিশ্বখ্যাত সতীর্থরা। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবার, বিশ্বকাপ টাস্কফোর্স প্রধান অ্যান্ড্র গিলিয়ানি এবং সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজসহ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা এই রাজকীয় সংবর্ধনায় উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com