ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বা চাঁদাবাজির সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-03-2026

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বা চাঁদাবাজির সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে ঈদ প্রস্তুতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি বা বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঈদের মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকা ছাড়বে প্রায় দেড় কোটি মানুষ, যা পরিবহন ব্যবস্থাপনার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় হাইওয়ে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি চালাবে। বিশেষ করে মহাসড়কের ধারের অস্থায়ী দোকান উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া চলাচলের অনুপযোগী বা লক্কড়-ঝক্কড় যানবাহন যাতে সড়কে নেমে বিকল হয়ে যানজট তৈরি করতে না পারে, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো অননুমোদিত সংগঠন বা সমিতি যদি স্বেচ্ছাচারীভাবে অর্থ আদায় করে, তবে তাকে চাঁদাবাজি হিসেবে গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে মালিক বা শ্রমিকদের নিবন্ধিত বৈধ সংগঠন যদি তাদের নিজস্ব কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করে, তবে সেটি চাঁদাবাজি নয় বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী আরও জানান, পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সড়কে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি না হয়। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির অতিরিক্ত বাসও প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মহাসড়কের চলমান সংস্কার কাজগুলো ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়ে শেখ রবিউল আলম আশ্বস্ত করেন যে, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার প্রশাসন অনেক বেশি তৎপর থাকবে। সরকারের এই সমন্বিত প্রস্তুতির ফলে সাধারণ মানুষ এবারের ঈদে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত উপহার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com