ভরিতে ৯ হাজার টাকা কমলো স্বর্ণের দাম


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-03-2026

ভরিতে ৯ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে চলমান অস্থিরতার মধ্যেই দেশের বাজারে স্বর্ণের দাম একলাফে অনেকটা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা ছয় দফা দাম বাড়ার পর এবার প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম আজ বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা স্বর্ণের মূল্য নতুন করে নির্ধারণ করেছে। নতুন তালিকায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এর আগে গত সোমবারও দাম বাড়ানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায় পৌঁছেছিল।

চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের বাজারে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফায় দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ১৩ বার। গত সপ্তাহেই দুই দফায় ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল এবং চলতি সপ্তাহের শুরুতেও দাম চড়া ছিল। তবে এক দফায় ৯ হাজার টাকার বেশি কমিয়ে আনায় সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com