দেশের সকল সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-03-2026

দেশের সকল সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে থাকা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্র বা ক্লিনিকে রূপান্তর করার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে জানান, প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে পরিত্যক্ত সরকারি সম্পদ ব্যবহারের ওপর জোর দিয়েছেন। উদাহরণ হিসেবে জানানো হয়, শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেরই (এলজিইডি) প্রায় ১৭০টি ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই ভবনগুলোসহ অন্যান্য সংস্থার অব্যবহৃত স্থাপনাগুলোকে দ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে হবে।

একই বৈঠকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়েও দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো চিকিৎসাসেবা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও গতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

উক্ত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই নতুন নির্দেশনার ফলে গ্রামীণ ও শহরতলী এলাকায় স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com