ইকরাকে নিয়ে পাহাড়ে বসে গল্প করতে চান আলভী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-03-2026

ইকরাকে নিয়ে পাহাড়ে বসে গল্প করতে চান আলভী

অভিনেতা জাহের আলভীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু নিয়ে চলমান আইনি ও সামাজিক টানাপোড়েনের মাঝেই এই ‘আবেগঘন’ পোস্টটি দেন আলভী, যা নেটিজেনদের একাংশের কাছে সহানুভূতি পাওয়ার বদলে উল্টো তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

নিজের পোস্টে ইকরাকে ‘ইকলি’ সম্বোধন করে আলভী এক কাল্পনিক কথোপকথন তুলে ধরেন। সেখানে তিনি প্রশ্ন করেন, আজ যদি ইকরার বদলে তার মৃত্যু হতো, তবে কি সমাজ একইভাবে ইকরার বিরুদ্ধে যেত? আলভী অভিযোগের সুরে লেখেন, যারা আজ নীতি-নৈতিকতার কথা বলছেন, তারা কি একবারও ভাবছেন না যে এই ‘নোংরা এক্সপোজার’ বা কাদা ছোড়াছুড়ি ভবিষ্যতে তাদের সন্তানের ওপর কতটা মানসিক প্রভাব ফেলবে? এছাড়া তার বন্ধুরা কেন সাধারণ মানুষের কাছে তাকে (আলভী) খারাপ বানাতে মরিয়া হয়ে উঠেছে, সেই প্রশ্নও তোলেন তিনি। পোস্টের শেষে পাহাড়ের চূড়ায় বসে ইকরার সাথে পুনরায় মিলনের এক কাল্পনিক ও আবেগী আকাঙ্ক্ষা প্রকাশ করেন এই অভিনেতা।

তবে এই পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র সমালোচনা। সাধারণ মানুষের অনেকেই একে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর কৌশল’ হিসেবে অভিহিত করেছেন। নেটিজেনদের মতে, যেখানে ইকরার মৃত্যুর পেছনে আলভীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে, সেখানে এমন পোস্ট কেবল জনমত প্রভাবিত করার একটি চেষ্টা মাত্র। সমালোচনার মুখে একপর্যায়ে আলভী তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিলেও বিতর্ক থামেনি; বরং স্ক্রিনশট আকারে পোস্টটি বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে সমালোচিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইকরার মৃত্যুর পর থেকেই আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। ইকরার পরিবারের দাবি, তিথির সঙ্গে আলভীর সম্পর্কের কারণেই ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান ইতিমধ্যে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এই স্পর্শকাতর সময়ে আলভীর এমন পোস্ট আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com