ফিনালিসিমা স্থানান্তর হতে পারে ইউরোপে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-03-2026

ফিনালিসিমা স্থানান্তর হতে পারে ইউরোপে

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ লড়াই নিয়ে তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতারের দোহায় নির্ধারিত এই ম্যাচটি এখন ইউরোপে স্থানান্তরিত হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত নিরাপত্তাঝুঁকি ও অনিশ্চয়তার কারণেই বিকল্প ভেন্যু হিসেবে ইউরোপের শহরগুলো নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা বিবেচনায় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করায় ম্যাচটি সেখানে হওয়া এখন প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার কনমেবল নতুন ভেন্যু নির্ধারণে জরুরি আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, লন্ডনের নাম এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে এসেছে। যদিও একই দিনে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচ রয়েছে, তবে লন্ডনের অন্যান্য বড় ও আধুনিক স্টেডিয়ামগুলো এই হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনে সক্ষম বলে মনে করা হচ্ছে। এদিকে স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত চায়, কারণ আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্চের এই আন্তর্জাতিক উইন্ডোকে তারা প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কণ্ঠেও একই উদ্বেগের সুর পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, প্রস্তুতির স্বার্থে যত দ্রুত সম্ভব ভেন্যু চূড়ান্ত করা জরুরি। আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলার আগ্রহ থাকলেও স্পেন ফুটবল ফেডারেশন বিকল্প প্রতিপক্ষের কথাও মাথায় রাখছে, যাতে এই আন্তর্জাতিক বিরতিটি কোনোভাবেই নষ্ট না হয়। বিশেষ করে এই ম্যাচের মাত্র তিন দিন পরই মিশরের বিপক্ষে স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ নির্ধারিত রয়েছে। সব মিলিয়ে সবকিছু ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপের কোনো মাঠেই দেখা যেতে পারে স্পেন-আর্জেন্টিনার এই মর্যাদাপূর্ণ মহারণ।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com