শেয়ারবাজার কারসাজিতে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-03-2026

শেয়ারবাজার কারসাজিতে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের গুরুতর অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং তার মা শিরিন আক্তারসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) মামলার নির্ধারিত দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ আগামী ২০ মে প্রতিবেদন জমার নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৭ মে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহার অনুযায়ী, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক ট্রেডিং ও গ্যাম্বলিং করে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন। এই পরিকল্পিত কারসাজির মাধ্যমে মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলার অন্যতম প্রধান আসামি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরু তার স্ত্রীর সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকা অবৈধভাবে স্থানান্তর করেছেন এবং তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি আবুল খায়ের হিরু কর্তৃক কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারের শেয়ারে সরাসরি বিনিয়োগ করেছিলেন। অভিযোগ অনুযায়ী, সাকিব এই মার্কেট ম্যানিপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করেছেন, যার পরিমাণ রিয়ালাইজড ক্যাপিটাল গেইন হিসেবে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা। এই মামলায় সাকিব ও তার মা ছাড়াও কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ ও মোহাম্মদ বাশারসহ আরও অনেকে আসামি হিসেবে রয়েছেন। আগামী ২০ মে আদালত এই মামলার তদন্ত অগ্রগতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com