পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামেও পরিচিত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-03-2026

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামেও পরিচিত

আজ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, এক অনন্য মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ বিকেলে আকাশে দেখা যাবে বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামেও পরিচিত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোমাঞ্চকর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২৬ সালে এটিই হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং পরবর্তী সময়ে এমন দৃশ্য দেখার জন্য দর্শকদের ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হবে।

আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ পৃথিবীর উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে এই গ্রহণ প্রক্রিয়ার সূচনা ঘটবে। তবে মূল আকর্ষণ অর্থাৎ পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে গ্রহণটি তার কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছাবে। এই বিশেষ গ্রহণের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করা হয়েছে ১.১১৫।

বিজ্ঞানিরা জানিয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী যখন সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে অবস্থান করে, তখন সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে বাধা পায়। তবে পৃথিবী পুরোপুরি আলোকে আটকে দিলেও বায়ুমণ্ডলের কারণে কিছুটা আলো প্রতিসারিত হয়ে চাঁদের অন্ধকার পৃষ্ঠে গিয়ে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডল নীল রঙের স্বল্প তরঙ্গদৈর্ঘ্যকে চারদিকে বিচ্ছুরিত করে দিলেও লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোকে চাঁদের দিকে পাঠিয়ে দেয়। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার কারণেই গ্রহণ চলাকালে চাঁদ পুরোপুরি অন্ধকার না হয়ে তামাটে বা লালচে রং ধারণ করে, যা পৃথিবীতে বসে আমাদের কাছে ‘ব্লাড মুন’ হিসেবে ধরা দেয়।

আজকের এই দৃশ্যটি জ্যোতির্বিজ্ঞানী এবং আকাশপ্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ, কারণ আগামী দুই বছরের মধ্যে এমন পূর্ণগ্রাস গ্রহণ আর দেখার সম্ভাবনা নেই। বিকেল গড়াতেই আকাশের পূর্ব দিগন্তে তাকালে এই রক্তাভ চাঁদের দেখা মিলবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com