জামিন পেয়েই রূপ বদলালেন নোবেল: বাদীর হাত ধরে আদালত ছাড়লেও ঘরে গিয়ে মারধরের অভিযোগ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-02-2026

জামিন পেয়েই রূপ বদলালেন নোবেল: বাদীর হাত ধরে আদালত ছাড়লেও ঘরে গিয়ে মারধরের অভিযোগ

বিয়ের প্রলোভন ও প্রতারণার মামলায় আপসের শর্তে জামিন পাওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের বিতর্কে জড়িয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। অভিযোগ উঠেছে, আদালত থেকে মুক্তি পাওয়ার পরদিনই মামলার বাদী আনাননিয়া শবনম রোজকে (অনন্যা) ভয়াবহভাবে মারধর করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এই লোমহর্ষক বর্ণনা দেন অনন্যা।

আদালত চত্বরে নিজের বাম হাতের জখম ও কাটার দাগ দেখিয়ে অনন্যা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “নোবেল আমার হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। কিন্তু জামিন পেয়ে বাসায় ফিরেই সে তার আসল রূপ দেখিয়েছে। কেন তার বিরুদ্ধে মামলা দিয়েছি—এই ক্ষোভে সে আমাকে নির্দয়ভাবে শারীরিক নির্যাতন করেছে।” অনন্যা আরও দাবি করেন, মিডিয়ার সামনে নোবেল নিজেকে পরিস্থিতির শিকার বা নেশাখোর বলে ‘ভিক্টিম’ সাজলেও আড়ালে তিনি অত্যন্ত ভয়ঙ্কর চরিত্রের একজন মানুষ।

ঘটনার বিস্তারিত জানিয়ে অনন্যার মা বিবি কুলসুম অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি রাতে নোবেল তাঁর মেয়েকে মারধর করে বেহুঁশ করে ফেলেছিলেন। তিনি বলেন, “মিষ্টি কথা বলে সে জামিন নিয়েছে, কিন্তু এখন সে হুমকি দিচ্ছে যে বাড়ি থেকে বের হলে আমাদের দেখে নেবে। আমাদের কাছে সব ভিডিও ও ডকুমেন্টস আছে। আমরা খুব শিগগিরই আইনি পদক্ষেপ নেব।” তিনি আরও জানান, তিন বছর আগে তাঁদের বিয়ে হলেও মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, বিয়ে করার শর্তে বাদী জামিনের বিরোধিতা না করায় আদালত গত মঙ্গলবার নোবেলকে জামিন দিয়েছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর ওই মেয়েটিকে সারারাত নির্যাতন করা হয়েছে। এই প্রেক্ষাপটে তাঁরা এখন নোবেলের জামিন বাতিলের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ এবং তরুণীকে আটকে রেখে হেনস্তা করার অভিযোগে গত বছরের ১৩ আগস্ট নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। পিবিআই-এর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ।

গত মঙ্গলবার জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নোবেলের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন, “মানুষ মাত্রই ভুল করে। আমার দর্শক-শ্রোতারা আমাকে ক্ষমা করে দেবে।” এমনকি রমজান মাস উপলক্ষে ‘খোদা তুমি বড় মেহেরবান’ গানের কলিও গেয়ে শুনিয়েছিলেন তিনি। এরপর বাদীর হাত ধরে হাসিমুখে আদালত থেকে বের হয়ে গেলেও একদিনের মাথায় সেই বাদীর ওপরই হামলার অভিযোগে নতুন করে আইনি মারপ্যাঁচে পড়তে যাচ্ছেন এই বিতর্কিত গায়ক।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com