'প্লেব্যাক সম্রাট' এন্ড্রু কিশোরের আজ পঞ্চম প্রয়াণ দিবস


সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 06-07-2025

'প্লেব্যাক সম্রাট' এন্ড্রু কিশোরের আজ পঞ্চম প্রয়াণ দিবস

২০২০ সালের ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠ শিল্পী এন্ড্রু কিশোর। ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত এই মহানায়ক তার অনবদ্য সুরের জাদুতে এখনো বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে।


প্রয়াণের পাঁচ বছর পেরিয়ে গেলেও এই কিংবদন্তি শিল্পীর তার গান আজও সমানভাবে শ্রোতাদের মুগ্ধ করে চলেছে। ২০২০ সালের ৬ জুলাই, সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে পৃথিবী থেকে বিদায় নেন বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র এন্ড্রু কিশোর। 


এন্ড্রু কিশোরের মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তবে কোটি ভক্তদের হৃদয় তার সৃষ্টিকর্ম তাকে অমর করে রেখেছে।


তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘পদ্মপাতার পানি’, ‘ওগো বিদেশিনী’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমি চিরকাল প্রেমের কাঙাল’, ‘পড়ে না চোখের পলক’, ‘আমার একদিকে পৃথিবী’, ‘ভালো আছি ভালো থেকো’ প্রভৃতি।


শারীরিক অসুস্থতার জন্য ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর এন্ড্রু কিশোরকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। সেখানে তিনি কয়েক মাস চিকিৎসা নেন। পরে চিকিৎসকরা হাল ছেড়ে দিলে তাকে নিজের ইচ্ছেতেই ২০২০ সালের ২০ জুন রাজশাহীতে আনা হয়।


এরপর তিনি মহানগরীর মহিষবাথানে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় বসবাস শুরু করেন। ৬ জুলাই সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।


আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কিংবদন্তী শিল্পীকে।  


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com